বিনোদন ডেস্ক :: ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি আছেন সঙ্গীতশিল্পী লাকী আখন্দ। সেখানে তার কেমোথেরাপি চলছে। কিন্তু কেমো দিতে গিয়ে ডাক্তাররা বেশ বেকায়দায় পড়েছেন বলে জানিয়েছেন লাকী আখন্দের দীর্ঘদিনের সহকারী সজিব দাস।
তিনি জানালেন, ‘এই সপ্তাহে লাকী ভাই আমাকে ফোন দিয়েছিলেন। অনেকক্ষন কথা হলো তার সঙ্গে। তিনি জানালেন অর্ধেক কেমো দেয়া হয়েছে। তারপর আর কেমো দেয়া যাচ্ছেনা। বার্ধক্যজনিত কারণে তার শরীরে কেমো সইছেনা। তবে কিছু ঔষুধ দেয়া হয়েছে। সবমিলিয়ে ছয়টা কেমো তার শরীরে দিতে হবে।’
সজিব দাস আরো জানালেন, তিনি ছয়মাস সেখানে অবস্থান করবেন। এর ফাঁকে সময় পেলে হয়তো দু’একবার দেশে আসবেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবার গান করতে চান। তিনি ফোনে আমাকে বললেন, ‘আবার আমরা দুজনে স্টেজ শো করবো।’ এছাড়া তিনি দুটি অ্যালবামের কাজে হাত দিয়েছিলেন সেগুলোর কাজও শেষ করতে চান।’
গত ২৪ অক্টোবর দ্বিতীয় দফায় ব্যাংককে নেয়া হয় তাকে। এর আগে সেই হাসপাতালেই প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। মূলত লাকী আখন্দের লিভার থেকে হার্টে পানি ঝরছিল। আর এ কারণে কেমোথেরাপি শুরু করতে পারছিলেন না চিকিৎসকরা। এ অবস্থায় তার লিভারে অস্ত্রোপচার করা হয়। এর পরপরই অক্টোবরের প্রথম দিকে ঢাকায় নিজ বাসায় ফিরেন লাকী।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর অসুস্থ লাকী আখন্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহ খানেক পর তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তারপর ১০ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পায়থাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন