নিউজ ডেস্ক: খালেদা জিয়া নয়, এবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘প্রকৃত আগুন সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে যে হারে বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে এ অবস্থা চলতে থাকলে সারাদেশের কারাগারে মানবিক বিপর্যয় ঘটতে পারে। আজো নতুন করে রংপুরে ৭১, চুয়াডাঙ্গায় পাঁচজন, সাতক্ষীরায় নয়জন, চট্টগ্রামে ২৯২ জন, নরসিংদীর রায়পুরা, গাজীপুরের কালিগঞ্জ, চাপাইনবাবগঞ্জেম গোমস্তাপুরে, ঝিনাইদহ সদরে প্রভৃতি জেলায় ৫৫ জন, নোয়াখালীতে নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখছি, প্রতিদিন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে ভরে ফেলছে। কারাগারগুলো ধারণ ক্ষমতায় বাইরে চলে গেছে।
রিপন বলেন, ‘সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব মন্ত্রিত্ব রক্ষার জন্য খালেদা জিয়াকে কত কদার্য ও অরাজনৈতিক ভাষায় সমালোচনা করা যায় এ ব্যাপারে চ্যাম্পিয়ন। তিনি বিএনপি নেত্রীকে ‘আগুন সন্ত্রাসী’ বলেছেন।
অথচো, ইনু সাহেব ৭২ থেকে ৭৫ পর্যন্ত যে জ্বালাও-পোড়াও রাজনীতি করতেন, তা অনেকেই জানতেন না। সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তার কর্মীবাহিনী। আগুন সন্ত্রাসী যে কে তা নতুন করে আবার প্রমাণ হয়েছে। প্রকৃত আগুন সন্ত্রাসী হচ্ছেন ইনু। আর এদের সঙ্গে নিয়ে সরকার ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন দেখছে।’
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে কাল থাকবে এমন কোনো কথা নেই। প্রকৃত নির্বাচন হলে অবশ্যই জনগণ বিএনপির পক্ষে রায় দেবে। আওয়ামী লীগকে সে দিন বিরোধী দলের আসনে বসতে হতে পারে। প্রতিপক্ষকে এভাবে হীন ভাবে আখ্যায়িত করা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’বিডি২৪লাইভ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন