আন্তর্জাতিক ডেস্ক::
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে শুক্রবার হুথি বিদ্রোহীদের হামলায় সংযুক্ত আরব আমিরাতের এক সেনা কমান্ডার ও তিন বিদেশি সেনা নিহত হয়েছে।
তায়িজ প্রদেশের দাবাব জেলায় আগ্রাসীদের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হুথিরা হামলা চালালে এই চার জন নিহত হয়েছে বলে জানায় ইরানি প্রেস টিভি।
এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।
এদিকে, শুক্রবার ভোরে আল-জাউফ প্রদেশের আল-গিল শহরে পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা হয়েছে।
গত মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এর ফলে এ পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে প্রায় ২৮০০ জনই বেসামরিক বলে জানিয়েছে জাতিসংঘ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন