খেলাধুলা ডেস্ক: বাংলাদেশে নিজেদের নিরাপত্তা নিয়ে নাকি ভাবছেই না অস্ট্রেলিয়া দল! ঢাকায় পা রেখে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সকারু অধিনায়ক মিলে জেডিনাক জানিয়েছেন, মাঠের খেলাতেই তাদের সব মনোযোগ।
গত ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের দুই দলের প্রথম লড়াইয়ে জেডিনাককে খেলতে দেয়নি চোট। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সকারু অধিনায়ক বললেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না। এটা অন্যদের দায়িত্ব। আমাদের মনোযোগ শুধু খেলায়। আমরা আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।’
ম্যাচের আগে মাঠে মনোযোগ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু যে মাঠে খেলা হবে সেটাই তো এখনো দেখা হয়নি সকারুদের! কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু অবশ্য এ নিয়ে মোটেও চিন্তিত নন। বরং রসিকতার সুরে বললেন, ‘মাঠ দেখব কাল। আর জানি, এ মাঠে ঘাস আছে। দুটো গোলপোস্ট আছে!’
কঠোর নিরাপত্তায় রাত ৯টায় সকারুরা উঠেছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। বিমান বন্দর থেকেই কঠোর নিরাপত্তা বলয়ে তাদের ঘিরে রাখেন নিজস্ব নিরাপত্তা সদস্যরা। কাল বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফিরতি ম্যাচটি।
প্রথম ম্যাচে সকারুদের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন