শীর্ষ সংবাদ

সিলেটের চাঞ্চল্যকর ৮২ মামলার তদন্তে পিবিআই

১৫ টি চার্জশিট দাখিল, হবিগঞ্জ ও সুনামগঞ্জে শুরু হচ্ছে কার্যক্রম

ddddaaaa
স্টাফ রিপোর্টার
পুলিশের নতুন তদন্ত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সিলেটের কয়েকটি চাঞ্চল্যকর ঘটনাসহ ৮২টি মামলা তদন্ত করছে। সাম্প্রতিক সিলেটে পুলিশের স্বতন্ত্র এই সংস্থাটি তাদের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে পিবিআই বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
জানা যায়, বিশ্বনাথের শাহজিরগাওয়ের কয়েকটি পরিবার অর্ধযুগ আগের একটি রাস্তার দু’স্থানে পাকা দেওয়াল তুলে চলাচলের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। এ বিষয়টি নিয়ে বিশ্বনাথসহ সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সিলেট কার্যালয়। ঘটনায় শুরু হয় তদন্ত। বেরিয়ে আসে আসল ঘটনা। প্রভাবশালীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে পিবিআই। এই ঘটনায় এখন প্রভাবশালী মহলের ১০ সদস্য কারাগারে রয়েছে। অথচ বিশ্বনাথ পুলিশ ঘটনাটিকে আমলে নেয়নি। এই মামলার তদন্তে শুধু বিশ্বনাথেই নয় পিবিআই’র কার্যক্রম সাড়া জাগিয়েছে সিলেটে। মামলার সঠিক তদন্তে সুনাম কুড়ানো পুলিশের এই নতুন তদন্ত ইউনিট এরপর আদালত থেকে একের পর এক চাঞ্চল্য মামলার তদন্ত পাচ্ছে।
জৈন্তাপুরের আলোচিত ইউনূস হত্যা মামলাটিও ছিল অনেকটা অন্তরালে। আলোচিত এ মামলার ভবিষ্যত নিয়ে অনিশ্চিয়তায় পড়েছিলেন বাদিপক্ষের লোকজন। এরই মধ্যে গত জুলাই মাসের শেষের দিকে এই মামলাটি আসে সিলেটের পিবিআইতে। শুরু হয় তদন্ত। পিবিআই ইতিমধ্যে এ ঘটনায় জড়িত ৩ জনকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহন করেছে। মামলাটির চার্জশিটও প্রস্তুত। যেকোনো দিন সেটি আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে। গোয়াইনঘাটের চাঞ্চল্যকর তাহের হত্যা মামলাটিরও তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এই মামলায় পিবিআইর তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছেন। এরা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এ মামলার তদন্তও শেষের দিকে।
২০১৩ সালে ২০ শে সেপ্টেম্বর কোম্পানীগঞ্জের আজিম উদ্দিন হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার এক বছর পর পুলিশ মামলা রেকর্ড করে। পরে পুলিশ এ ঘটনায় আদারতে ফাইনাল রিপোর্ট দেয়। একই সঙ্গে বাদির বিরুদ্ধে টু-ইলাভেন দায়ের করা হয়। পরবর্তীতে এ মামলাটিও আসে পিবিআইতে। পিবিআই ইতিমধ্যে এ ঘটনায় ৪ জনকে আদালতে পাঠিয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এই মামলার চার্জশিট প্রস্তুত হচ্ছে। ২০১৪ সালে ওসমানীনগরের চকেরবাজারের পেট্রোলপাম্পের সামনে ট্রাকের ভেতরে হেলপাড় সুলতান মারা যায়। জাফলংয়ের নয়াবস্তির রফিক মিয়ার ছেলে সুলতান হত্যার ঘটনায় হাইওয়ে পুলিশ ফাইনাল প্রতিবেদন আদালতে জমা দেয়। পরবর্তীতে সেটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে পাঠানো হয়। পিবিআই এর তদন্ত করে খুনের রহস্য উদঘাটন করে চার্জশিট দিয়েছে। এই কয়েকটি ঘটনার বাইরে আরও বেশ কয়েকটি আলোচিত ঘটনার তদন্ত করছে সিলেটের পিবিআই।
পিবিআই সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক রেজা বলেন, মামলার সুষ্টু ও আধুনিক তদন্তের জন্য পুলিশের এই বিশেষ ইউনিট কাজ শুরু করেছে। সিলেটে যাত্রা শুরু করার খুব বেশি দিন হয়নি। প্রায় সাড়ে ৩ মাস আগে তারা কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে ৮২ টি মামলার তদন্তভার পেয়েছেন তারা। জিআর মামলা হচ্ছে ৫৫ টি ও সিআর মামলা ২৭ টি।
ইতিমধ্যে পিবিআই’র কর্মকর্তারা প্রায় ১৫ টি মামলার প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। আর এসব মামলার তদন্ত সুষ্টু ও সঠিক হওয়ার কারনে কোনো নারাজি আসেনি। কিংবা অন্য কোনো সংস্থার কাছে অধিকতর তদন্তের প্রয়োজন হয়নি। তিনি বলেন, সিলেট ও মৌলভীবাজারে ইতিমধ্যে পিবিআই কার্যক্রম শুরু করেছে। মৌলভীবাজারে ১২ টি মামলা তদন্তে ছিল। এর মধ্যে ৩ টি মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্তকাজ শেষ হওয়ায় বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, সিলেটের হবিগঞ্জে পিবিআইর কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় রয়েছে। এরপর সুনামগঞ্জেও তারা কার্যক্রম শুরু করা হবে।
পিবিআই সূত্র জানায়, আধুনিক তদন্তের মানসিকতা নিয়ে পিবিআই কাজ শুরু করেছে। বিশেষ করে ইন্টারনেট ও সাইবার সংক্রান্ত তদন্তের জন্য পিবিআইর একটি দক্ষ টিম কাজ করছে। এতে করে সাইবার তদন্তেও বেশ দক্ষতার প্রমান রাখছেন ওই কর্মকর্তারা। এজন্য পিবিআই কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়েছে।
ওদিকে, বিশেষ সুপার জানিয়েছেন, পিবিআই নিরপেক্ষ থেকে কাজ শুরু করেছে। এখনও কোনো প্রভাব পড়েনি মামলার তদন্তে। পিবিআই’র প্রশিক্ষিত কর্মকর্তারা যেসব রিপোর্ট আদালতে দাখিল করছেন সেগুলো সবার গ্রহনযোগ্য হয়েছে। এ কারনে পিবিআই আগামীতে পুলিশের একটি নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসেবে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়ক ভুমিকা পালন করবে বলে জানান তিনি।
সিলেট পিবিআইর এডিশনাল পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সিলেটের আলোচিত কয়েকটি হত্যা মামলা পিবিআইতে তদন্তে রয়েছে। সেগুলোর তদন্তও শেষ পর্যায়ে। এক মাসের মধ্যে ৪-৫ টি মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.