নিউজ ডেস্ক :: বিএনপির আগাম নির্বাচন দেওয়ার দাবির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘‘বিএনপি বলে, ‘শেখ হাসিনার এতো জনপ্রিয়তা থাকলে নির্বাচন দিচ্ছে না কেন?’ আমি বলব, ‘সরকারের জনপ্রিয়তা থাকলেই বছরে বছরে নির্বাচন দিতে হবে? নির্বাচন কি ছেলের হাতের মোয়া? এ সব চিন্তাধারা দূর করতে হবে।’’
রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎভবনে ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘তিনি (খালেদা) তিনটি নাশকতা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছেন। বাসে পেট্রোলবোমা হামলা করেছেন। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। আর এর দায় চাপিয়েছেন সরকারের ওপর। এতে খালেদা জিয়া জনগণের কাছে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়েছেন। বিএনপি যদি খালেদা জিয়া ও খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানকে বাদ দিয়ে ঢেলে সাজাতে পারে তাহলেই জনগণের সমর্থন বাড়বে।’
তিনি বলেন, ‘আমরা যখন ২০০৯ সালে ক্ষমতায় এসেছিলাম তখন বাংলাদেশ ছিল অন্ধকারে। সেই অন্ধকার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনা এখন জনপ্রিয়তার শীর্ষে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে উঠে এসেছে শেখ হাসিনার জনপ্রিয়তা ৮৬ শতাংশে। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তা তলানিতে পড়ে গেছে।’
বঙ্গবন্ধুর খুনীদের যে সব দেশ আশ্রয় দিয়েছে তাদের কাছে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা মানবাধিকারের কথা বলেন। কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেন তাদের মুখে মানবাধিকার মানায় না। আমরা দাবি জানাই অবিলম্বে বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে দিন।’
ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন