নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদের মধ্যে কথা বন্ধ। সরকারে থাকা না থাকা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে।
দলের মন্ত্রীদের পদত্যাগ করতে রওশনকে চাপ দেয়া এবং নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে পদত্যাগ করার ঘোষণা দেয়ার পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় বলে জাপা দলীয় সূত্র জানিয়েছে।
জাপার একাধিক সূত্র দাবি করেছে, গত সপ্তাহে দলের এক সমাবেশে প্রকাশ্যে এরশাদ সংসদে ও বাইরে জাপাকে বিরোধী দলের ভূমিকা রাখতে পরামর্শ দিয়েছেন। তিনি সরাসরি ওই সমাবেশে রওশন এরশাদকে বলেছেন, এখনো লোকে বিএনপিকেই বিরোধী দল বলে, কারণ জাপা বিরোধী দলের ভূমিকা রাখতে পারছে না।
এই ঘটনার পর ৮ জানুয়ারি এরশাদ তার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে দলের কয়েকজন নেতাকর্মীর সামনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার জন্য একটি পদত্যাগ পত্র লিখেন।
এরপরই শুরু হয় এরশাদের ‘অসুস্থ নাটক’।
এরশাদ অসুস্থ হয়ে ৮ জানুয়ারি রাজধানীর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। এখনো সেই পদত্যাগ পত্র দেওয়া হয়নি। ১০ তারিখে চিকিৎসা শেষে এরশাদ বাসায় ফিরলেও এই কয়দিনে পদত্যাগের ব্যাপারে একেবারে চুপ।
দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ম্যাডাম (রওশন এরশাদ) সরকারের হয়ে কাজ করছেন। স্যার (এরশাদ) চান জাপা শক্তিশালীভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে। এ নিয়ে দলেও অসন্তোষ রয়েছে। জাতীয় পার্টি সাংগঠনিক শক্তি হারাচ্ছে, সরকারের লেজুড়বৃত্তি করে। কিন্তু কয়েকজন বিশেষ করে যারা মন্ত্রী ও এমপি হয়েছেন তারা কিছুতেই সরকারের বিপক্ষে যেতে চায় না। এ নিয়ে দুইজনের কথা বলা পর্য্ন্ত বন্ধ ।পূর্বপশ্চিম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন