খেলাধুলা ডেস্ক: উন্নতির ধারা ধরে রাখতে পারলে একদিন দেশের হয়েও খেলতে পারবেন তরুণ পেসার আবু হায়দার রনি। এমনটাই মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুগ্ধতা ছড়ানো আবু হায়দারকে নিয়ে নিজের আশার কথা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
দেশের হয়ে খেলাটা অবশ্য নতুন হবে না হায়দারের জন্য। বাঁহাতি এই পেসার ১৬ বছর বয়সেই খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলে। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে ৯ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য আলো কেড়ে নিয়েছিলেন দ্বিশতক করা সৌম্য সরকার।
মাশরাফি, নুয়ান কুলাসেকারার সঙ্গে পেস আক্রমণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নির্ভরতা যোগাচ্ছেন হায়দার। এই দুই অভিজ্ঞ পেসারের ছায়া থেকে বের হয়ে আলো ছড়াচ্ছেন ১৯ বছর বয়সী তরুণ। এখন পর্যন্ত পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনিই, ৬ ম্যাচে নিয়েছেন ১২টি।
মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লার ১০ রানের জয়ে বড় অবদান রাখেন হায়দার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানান, হায়দারের প্রতিভা নিয়ে তার মনে কোনো সংশয় নেই। দেশসেরা পেসারের মন্তব্য বড় অনুপ্রেরণা হতে পারে হায়দারের জন্য।
‘আমার মনে হয়, এভাবে খেলতে পারলে অবশ্যই সে একদিন বাংলাদেশ দলে খেলতে পারবে’।
এই মুহূর্তে হায়দারকে জাতীয় দলে দেখছেন না মাশরাফি। কিন্তু উন্নতির ধারা ধরে রাখতে পারলে সেটা অসম্ভব নয় বলেও মনে করেন তিনি।
‘এখনই ওর সামর্থ্য আছে, সেটা বলব না’। তবে ওর পক্ষে বাংলাদেশ দলে খেলা সম্ভব। এখন যেমন করছে, তা যদি ধরে রাখতে পারে তাহলে ওর ভবিষ্যতে অনেক কিছু করার থাকবে।
আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে অনেক দিন ধরেই জাতীয় দলের নেটে বোলিং করেছেন হায়দার। সঙ্গী মুস্তাফিজ জাতীয় দলে তার জায়গা খুঁজে পেয়েছেন। এবার হায়দারের পালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন