আন্তর্জাতিক ডেস্ক:
স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের সান বার্নার্ডিনো কাউন্টির ইনল্যান্ড রিজিওনাল সেন্টার নামের একটি সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোড়েন বন্দুকধারীরা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে গুলিতে দুই বন্দুকধারী নিহত হন।
এ ঘটনায় দুই বন্দুকধারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পুলিশ বলছে, হামলার সময় পুলিশের অভিযানে নিহত দুই বন্দুকধারীই মুসলিম। তাদের মধ্যে একজন মার্কিন বংশোদ্ভূত।
এএফপির খবরে জানা যায়, সান বার্নার্ডিনো কাউন্টির পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে হামলায় তৃতীয় কোনো ব্যক্তি জড়িত আছেন বলে তারা ভেবেছিলেন। পরে তারা নিশ্চিত হয়েছেন, দুজন বন্দুকধারীই হামলা চালিয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা হলেন, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাসফিন মালিক (২৭)। তাদের মধ্যে সৈয়দ রিজওয়ান মার্কিন বংশোদ্ভূত।
পুলিশ কর্মকর্তা বারগুয়ান বলেন, ফারুক ওই কাউন্টির সরকারি স্বাস্থ্য বিভাগে পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে পাঁচ বছর ধরে কর্মরত। পুলিশ মনে করছে, কর্মক্ষেত্রে অসন্তোষের কারণে এ হামলা হতে পারে। হামলা ছিল পূর্বপরিকল্পিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার আগে সেবাকেন্দ্রে চলা অনুষ্ঠানে ফারুক উপস্থিত ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সেখানে বাগ্বিতণ্ডা হয় বলে পুলিশের কাছে খবর রয়েছে। পরে ফারুক মেজাজ খারাপ করে সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ মনে করে, পুরো ঘটনাই পূর্বপরিকল্পিত ছিল। রাগ করে ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়াও তারই অংশ ছিল। ব্যাপারটি এমন নয় যে রাগ করে বেরিয়ে গিয়ে ফারুক ভারী অস্ত্র ও কমান্ডো পোশাকে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। এ ধরনের সহিংসতা বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন