খেলাধুলা ডেস্ক:: বিশ্বের সেরা ক্লাবের একটি হলো রিয়াল মাদ্রিদ। আর এখানে খেলছেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। নামকরা সব অর্জন রয়েছে তাদের। এসময়ে রিয়াল-বার্সা খেলা না হলে যের ক্লাব ফুটবল তার নিজস্ব রূপ পায়না। ক্লাব কাপের মধ্যে অন্যতম হলো কোপা ডেল রে। ২০১৩-১৪ মৌসুমে কোপার চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
তবে এই মৌসুমে আর কোপা ডেল রেতে দেখা যাবে না রিয়াল মাদ্রিদের খেলা। নিয়ম ভঙ্গ করে নিষিদ্ধ এক খেলোয়াড়কে মাঠে খেলিয়ে উল্টো নিষিদ্ধ হয়ে গেছে স্পেনের ক্লাবটিই। স্প্যানিশ কাপ থেকে রিয়ালকে নিষিদ্ধ করার খবরটি টুইট করেছে দেশটির শীর্ষ তিনটি দৈনিকের অফিসিয়াল পেজ—মার্কা, স্পোর্ত ও এএস।
এ ব্যাপারে স্প্যানিশ ফুটবল সংস্থা (এফইএফ) কিংবা রিয়াল—কোনো পক্ষেরই মন্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
তবে গতকালই সংবাদ সম্মেলন করে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছিলেন, রিয়াল যদি নিষিদ্ধ হয়, তাহলে তারা স্প্যানিশ ক্রীড়া আদালতে যাবে।
কদিন আগে কোপা ডেল রেতে কাদিজের বিপক্ষে ম্যাচটা নিয়েই যত বিতর্ক। ওই ম্যাচে রিয়ালের হয়ে নেমেছিলেন রুশ উইঙ্গার ডেনিস চেরিশেভ, গোলও পেয়েছিলেন। কিন্তু গত বছর ভিয়ারিয়ালের হয়ে খেলার সময় তিনটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তার ওপর। খেলার জন্য যোগ্য নয় এমন খেলোয়াড়কে মাঠে নামানোর শাস্তি ওই দলকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা।
শেষ পর্যন্ত সর্বোচ্চ শাস্তিই পেল ১৯ বারের কাপ বিজয়ী দলটি। রিয়ালের বিরুদ্ধে কাদিজের করা অভিযোগের পক্ষেই রায় দিলেন এফইএফের কম্পিটিশন কমিটির প্রধান ফ্রান্সিসকো রুবিও।
এটি রিয়াল সভাপতি পেরেজের জন্যও বড় এক ধাক্কা হয়ে এল। আর কোচ রাফা বেনিতেজও আরও চাপের মুখে পড়লেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন