মুহম্মদ তাজূল ইসলাম, দোয়ারাবাজার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বীরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি অন্যতম শিশুবান্ধব বিদ্যা নিকেতন। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাগুলোর বেহালদশা, বিদ্যালয় মাঠে বছরে ৬ মাস অবধি লেগে থাকা জলাবদ্ধতার কারণে ক্রমেই ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে এখন বিদ্যালয় আঙ্গিনা। অন্যদিকে বিদ্যালয় মাঠে হাঁটু জল থাকায় দীর্ঘদিন ধরে শিশুদের খেলা-ধুলাসহ পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ঘেঁষে প্রবাহমান সরকারি খালটি দখল করে যত্রতত্র মাটির বাঁধ দিয়ে ব্যক্তি মালিকানাধীন পুকুর ও মৎস্য খামার গড়ে ওঠায় হাওরে পানি নিষ্কাশনের সব পথ বন্ধ করে দেয়াই মুলত: জলাবদ্ধতার কারণ। একটু বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটু সমান পানি লেগে থাকে। পানি উঠে স্কুল ভিটায়ও। তখন চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদেরকে। অনেক সময় কোমলমতি শিশুদের পা ফসকে গিয়ে বইখাতা ও পরনের কাপড় চোপড় পানিতে ভিজে নষ্ট হয়। কাঁদামিশ্রিত সরু রাস্তাগুলো পিচ্ছিল থাকায় শিশুদের চলাচল চরম ঝুঁকিপুর্ণ হয়ে ওঠে।
বিদ্যালয় সুত্রে জানা যায়, উপজেলার অন্যতম শিশু বান্ধব ওই বিদ্যালয়টি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৩ শ’ ৬৪ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি রয়েছে শূণ্য। বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতাসহ নানা সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও উদাসীনতার কারণে মাটি ভরাটের কাজ হয়নি আজ অবধি। বর্ষার শুরু থেকেই টানা ৬ মাসই ঝুঁকির মধ্যে চলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খালেদা বেগম জানান, একদিনের বৃষ্টিতেই তিনমাস জলবদ্ধতা লেগে থাকে। বর্তমানে মাঠে প্রায় ২ফুট পানি লেগে আছে। পানি ওঠে গেছে বিদ্যালয় ভিটায়ও। এছাড়া সরু রাস্তাগুলো জলাবদ্ধতার কারণে ডুবন্ত থাকায় শিশুদের আসা যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারি অর্থায়নে দ্রুত মাঠে মাটি ভরাটের কাজ করা না হলে শিশুদের প্রাত্যহিক সমাবেশে ব্যঘাত ঘটছে। এছাড়াও খেলাধুলার স্লিপার, দোলনা, ঢেঁকি পানিতে ভিজে বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ইউপি সদস্য হারিছ মিয়া জানান, বিদ্যালয়ের মাঠ ভরাটে অনেক টাকার দরকার। মাঠ ভরাট করে শিশুদের লেখাপড়ার সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনতে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো প্রতিকার হচ্ছেনা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন