বিনোদন ডেস্ক: এখন পর্যন্ত কুসুম শিকদার অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে। নাম লালটিপ ও গহিনে শব্দ। ছবি দু’টি থেকে আশাপ্রদ কোনো সাফল্য আসেনি। ফলে তিনি হয়ে পড়েছেন শুবি শূন্য। আর বড় পর্দায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকায় কাজ করছেন না ছোট পর্দায়ও।
নিজেকে একটু ঝালিয়ে দেখতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শঙ্খচিল ছবিতে। সদ্য শুটিং শেষ হওয়া ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। অভিনয় করেছেন প্রসেনজিতের বিপরীতে। ছবিতে আরো অভিনয় করেছেন ভারতের দীপঙ্কর দে ও উর্বশী চক্রবর্তী। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এর গল্পটা দর্শকদের আগ্রহের একটি চমৎকার প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। তাই কুসুম আশা করছেন এই ছবির মাধ্যমে তার ক্যারিয়ার উজ্জ্বল হবে।
কুসুম বলেন, ‘দেশ ভাগের বিষয়বস্তু নিয়ে এ ছবির কাহিনী গড়ে উঠেছে। এ ছাড়া দেশ ভাগের পর বাংলাদেশ-ভারতের সীমান্ত সঙ্কটের ফলে নানা সঙ্ঘাতের চিত্র এতে তুলে ধরা হয়েছে। এতে আমি প্রসেনজিতের স্ত্রী চরিত্রে অভিনয় করেছি। এ ছবির শুরুতেই দেখা যাবে, আমরা স্বামী-স্ত্রী মেয়ের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করি। এরপর আমাদের বিভিন্ন রকম সঙ্কটের মুখোমুখি হতে দেখা যায়। এ ঘটনার ওপর ভিত্তি করে এর কাহিনী গড়ে উঠেছে। আশা করছি দর্শকেরা ভালোলাগার পাশাপাশি ভারত-বাংলাদেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারবেন।’
বর্তমান ব্যস্ততা নিয়ে কুসুম শিকদার বলেন, ‘দু’টি ছবিতে অভিনয়ের ব্যাপারে দু’জন পরিচালকের সাথে কথা চলছে। কিছু দিনের মধ্যে ছবি দু’টির স্ক্রিপ্ট হাতে পাব। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে চাই না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন