মিনারা হেলেন (বাংলা প্রেস), নিউ ইয়র্ক:
ক্যালিফোর্নিয়ায় পাকিস্তানি দম্পতির গুলিতে ১৪ জন নিহত এবং আরো ২১ জন আহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রেব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেড়েছে নানা ধরনের আতঙ্ক। যেকোনো সময় পাল্টা হামলা হতে পারে তারা আশঙ্কা করছেন । সান বার্নার্ডিনো কাউন্টির মসজিদে হামলার হুমকিও দেওয়া হয়েছে। এ খবরে মুসলিম অধ্যুষিত শহরটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
লস অ্যাঞ্জেলেস থেকে কিছুটা পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে আরব ও মুসলিম সম্প্রদায়ের বসবাস। বুধবারের হামলার নিন্দা জানিয়েছেন সেখানকার মুসলিম সম্প্রদায়ের নেতারা। বার্নার্ডিনোর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার ওই হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক পালন করা হবে। লস অ্যাঞ্জেলসের মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট আহসান খান বলেন, মুসলিম সম্প্রদায় এই ভয়ংকর ও সহিংস হামলার নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, এই হামলা বিকৃত মানসিকতার পরিচয়। হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারকে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।
আমেরিকান-আরব বৈষম্যবিরোধী কমিটির আইন ও নীতিবিষয়ক পরিচালক আবেদ আইয়ুব এক মানবাধিকার সংস্থাকে বলেন, এখানে মুসলিমরা বাস করেন। যেকোনো সময় হামলা বা যেকোনো ধরনের হয়রানি হতে পারে। তাই মুসলিম সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে হামলাকারী সৈয়দ ফারুকের সঙ্গে বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী দলের যোগসাজশ রয়েছে। তবে সান বার্নার্ডিনো এলাকার দার আল উলম আল ইসলামিয়াহ মসজিদের ইমাম মাহমুদ নাদভি এএফপিকে বলেন, তিনি কখনো ফারুকের মধ্যে উগ্রবাদী মনোভাব দেখেননি। ইমাম মাহমুদ নাদভি বলেন, ক্যালিফোর্নিয়ায় ওই হামলার কয়েক ঘণ্টা পর বার্নার্ডিনো কাউন্টির মসজিদে ভয়েস মেইলে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছে। মসজিদে আজ শুক্রবার আরও নিরাপত্তা দিতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। বার্নার্ডিনোর বাসিন্দা গাসের সেহাতা বলেন, তিনি মনে করেন ফারুকের কর্মস্থলে অসন্তোষের কারণেই এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন