এম. মছব্বির আলী:
প্রয়াত নায়ক মান্নার নামে প্রতিষ্ঠিত মান্না ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১ জানুয়ারি রাজধানীর শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মান্না উৎসব। বর্ণাঢ্য এ আয়োজন সফল করতে চলচ্চিত্র শিল্পী সমিতি একাত্মতা ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শেলী মান্নার আহ্বানে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে মান্না ফাউন্ডেশনের সব ধরনের কর্মকান্ডে পাশে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
মতবিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহসভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরো উপস্থিত ছিলেন শাবনূর, পপি, সায়মন, নিরব, শিবা সানু, দীপুল দেওয়ান, জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, ইমদাদুল হক খোকনসহ প্রমুখ। মান্না ফাউন্ডেশন এ যাবৎ সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর সংগঠনটি গঠন করে তার পরিবার। শুরু থেকে এর চেয়ারপারসন হিসেবে আছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, সংগঠনটির কর্মপরিধি আরো ব্যাপক হচ্ছে। মান্না ফাউন্ডেশনের সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন